রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৭৭৮ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ই মার্চ) উৎসবমুখর পরিবেশে ইউনিয়নের তালিকাভুক্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে এই চাল তুলে দেওয়া হয়।
বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও রাজবাড়ী সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন রাজবাড়ী সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উপজেলা সহকারী শিক্ষা অফিসার অধীর কুমার বিশ্বাস।
এসময় খানগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সাত্তার মোল্লাসহ পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে ইউনিয়ন পরিষদের প্রশাসক শ্যামল কুমার বিশ্বাস বলেন, “সরকার প্রান্তিক মানুষের অভাব দূর করতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নিরলস কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাবে বলে আমাদের বিশ্বাস। আমরা প্রতিটি পরিবারের কাছে এই খাদ্য সহায়তা সুষমভাবে পৌঁছানো নিশ্চিত করেছি।”
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সাত্তার মোল্লা বলেন, “সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আমরা বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছি। তালিকার প্রতিটি কার্ডধারী মানুষ যেন কোনো প্রকার হয়রানি ছাড়াই তাদের প্রাপ্য চাল বুঝে পায়, সে জন্য আমরা সার্বক্ষণিক তদারকি করেছি।”
চাল সংগ্রহ করতে আসা সুবিধাভোগীরা বলেন, “ঈদের ঠিক আগ মুহূর্তে ১০ কেজি করে চাল পেয়ে আমাদের অনেক উপকার হলো। আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চাল হাতে পেয়েছি। সরকারের এই উপহারের ফলে আমাদের মতো সাধারণ মানুষের ঘরে ঈদের উৎসব আরও আনন্দময় হবে।”
সাইফুল আলম মিরাজ: 









