রাজবাড়ীতে রাতে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হওয়ার পর সকালে পদ্মা নদী থেকে লিটন খান (৪২) নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(১২ এপ্রিল) সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা মোল্লা পাড়া জামে মসজিদ এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন পদ্মা নদীর পাড় হতে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে মাথায় আঘাত করে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
নিহত রিকশা চালক লিটন খান রাজাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের রামচন্দ্রপুর তালতলা এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে স্থানীয় ইসমাইল নামে এক যুবক পদ্মা নদীতে গোসল করতে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয় এবং জরুরী সেবা ৯৯৯ সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দৌলতদিয়া নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যার পর রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন লিটন খান। রাতে একটি ‘দূরপাল্লার ভাড়া’ আছে বলে তিনি পরিবারকে জানিয়েছিলেন। রাত ১০টার পর থেকে পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। একপর্যায়ে রাত ২টার পর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। সকালে নদীতে মরদেহ পাওয়ার খবর শুনে তারা ঘটনাস্থলে গিয়ে লিটনের লাশ শনাক্ত করেন। তবে তার রিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, খবর পাওয়ার পরপরই নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে মাথায় হাতুড়ি বা কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক: 









