রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় ১১০১ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ই মার্চ) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ইউনিয়নের ১১০১ জন তালিকাভুক্ত কার্ডধারী দুস্থ ও অসহায় মানুষের হাতে এই বিশেষ উপহার তুলে দেওয়া হয়। এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে উন্নত মানের চাল প্রদান করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিব মোল্লা, ট্যাগ অফিসার ও সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা কানিজ মওলা এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মেনামুল হাসান মিন্টু। এছাড়া প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ , ইউপি সদস্য মো. ইব্রাহিম মোল্লা ও নূর নবী বিশ্বাস বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।
চেয়ারম্যান মো. রাজিব মোল্লা বলেন, “পবিত্র ঈদুল ফিতরে ইউনিয়নের কোনো দুস্থ মানুষ যেন খাদ্য সংকটে না থাকে, সরকার সেই লক্ষ্যেই এই বিশেষ উপহার পাঠিয়েছে। আমরা সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এই চাল বিতরণ করেছি। জনগণের সেবক হিসেবে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও সরকারের সকল জনকল্যাণমূলক সুবিধা সুষমভাবে বণ্টন নিশ্চিত করা হবে।”
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মেনামুল হাসান মিন্টু বলেন, “আমরা প্রতিটি কার্ডধারী মানুষের চালের ওজন সঠিকভাবে নিশ্চিত করেছি। পুরো কার্যক্রমটি প্রশাসনের কড়া তদারকিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।”
চাল নিতে আসা উপকারভোগীরা বলেন, “পবিত্র ঈদুল ফিতরের আগে সরকারের এই ১০ কেজি করে চাল আমাদের জন্য বড় উপহার। কোনো ধরনের হয়রানি ছাড়াই সুশৃঙ্খলভাবে এই উপহার হাতে পেয়ে আমরা খুবই আনন্দিত। ঈদের আগে এই সহায়তা পাওয়ায় আমাদের পরিবারগুলোর বড় উপকার হলো।”
নিজস্ব প্রতিবেদক: 









