রাজবাড়ীতে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সভা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় জেলা স্টেডিয়ামের পুরাতন ভবনে অবস্থিত মিজানপুর ইউনিয়ন ভূমি অফিসের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণকারী ৪জন ভূমি সহকারী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়। তারা হলেন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলি চৌধুরী, সুদর্শন কুমার সাহা, মোঃ আক্কাছ আলী ও মোঃ আব্দুল মজিদ।
এছাড়াও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপ-সহকারী কর্মকর্তা হিসেবে মনোনীত হওয়ায় আব্দুস সামাদ জোয়াদ্দারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
জেলা শাখার সভাপতি মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মো: ইউনুছ আলী মুন্সী, সাংগঠনিক সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রেজা মো: ইলিয়াস কবির, সহ-সভাপতি প্রণয় কুমার বাগচী, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন গাঙ্গুলি, পাংশা উপজেলার সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার প্রামানিক, দপ্তর সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিদায়ী কর্মকর্তারা মোহাম্মদ আলি চৌধুরী বলেন, “দীর্ঘ কর্মজীবনে জনগণের ভূমি সেবা দিতে পেরে আমি গর্বিত। চাকরি জীবন থেকে বিদায় নিলেও সমিতির সাথে আমার আত্মিক বন্ধন আজীবন থাকবে। আপনাদের ভালোবাসা ও এই সম্মাননা আমার অবসর জীবনকে আনন্দময় করবে।”
বিদায়ী কর্মকর্তারা সুদর্শন কুমার সাহা বলেন, “সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সবসময় চেষ্টা করেছি সততার সাথে কাজ করতে। সহকর্মীদের অকৃত্রিম সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। আজ বিদায়বেলায় যে সম্মান আপনারা দিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”
বিদায়ী কর্মকর্তা মোঃ আক্কাছ আলী বলেন, “ভূমি অফিসে কাজ করা একটি চ্যালেঞ্জিং বিষয়, তবে সহকর্মীদের ভালোবাসা সেই পথ চলা সহজ করেছে। আমার কোনো কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করি।”
বিদায়ী কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ বলেন, “চাকরি জীবনের শেষ প্রান্তে এসে এমন আয়োজন সত্যিই আবেগপ্রবণ করে দেয়। নতুনদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা সততা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষকে সেবা দেবেন, তবেই আমাদের সংগঠনের মান বাড়বে।”

অন্যদিকে, শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়া ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপ-সহকারী কর্মকর্তা সামাদ জোয়াদ্দার বলেন, “ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপ-সহকারী কর্মকর্তা হিসেবে মনোনীত হওয়া আমার একার কৃতিত্ব নয়; এটি রাজবাড়ী জেলা শাখার সকল সহকর্মীর সাফল্য। আজকের এই বিশেষ সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি আমাদের সমিতির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।”
এছাড়া অনুষ্ঠানে সংগঠনের রাজবাড়ী সদর উপজেলার সাধারণ সম্পাদক গোলাম পীর, পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, বালিয়াকান্দির সভাপতি প্রদীপ কুমার কর্মকার, সাধারণ সম্পাদক শুকুমার দত্ত, কালুখালী উপজেলার সভাপতি প্রদীপ কুমার দত্ত, গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আনছার আলী সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে রাজবাড়ীর পাঁচটি উপজেলার সকল ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভা শেষে জেলা কমিটির পক্ষ থেকে ২০২৬ সালের নতুন ক্যালেন্ডার বিতরণ করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাইফুল আলম মিরাজ: 









