রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৩১৫টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ই মার্চ) বেলা সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আসন্ন ঈদ উপলক্ষে ইউনিয়নের ১৩১৫টি তালিকাভুক্ত হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে উন্নত মানের চাল প্রদান করা হয়।
উদ্বোধনকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা আমরা সরাসরি প্রান্তিক মানুষের ঘরে পৌঁছে দিচ্ছি। কোনো দুস্থ পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত অভাবী মানুষের হাতে এই চাল তুলে দেওয়া নিশ্চিত করেছি।”
চাল বিতরণকালে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফকির মোহাম্মদ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খানখানাপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম রেজাউল কবির, ইউপি সদস্য সাইফুজ্জামান, মো. আশিক মিয়া, মো. আলম খান, মো. ইলিয়াছ পাটোয়ারী, মো. হানিফ শেখ, মো. বাশিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. ফিরোজ আহম্মদ, মো. সাইদুর রহমান এবং সংরক্ষিত মহিলা সদস্য বদরুন নেছা, সাবিহা বেগম ও কহিনুর বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম রেজাউল কবির বলেন, “প্রশাসনের কড়া তদারকিতে আমরা প্রতিটি কার্ডধারী ব্যক্তির চালের সঠিক ওজন ও গুণগত মান নিশ্চিত করেছি। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।”
চাল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে সুবিধাভোগীরা বলেন, “ঈদের ঠিক আগ মুহূর্তে ১০ কেজি করে চাল পেয়ে আমাদের অনেক উপকার হলো। আমরা কোনো ঝামেলা ছাড়াই লাইন ধরে কার্ড দেখিয়ে চাল নিতে পেরেছি। চালের মানও অনেক ভালো। ঈদের সময় এই সাহায্য পাওয়ায় আমরা সবাই খুব খুশি।”
সাইফুল আলম মিরাজ 









