রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১৩১৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫শে মে) বেলা ১১টায় সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মানবিক সহায়তার এই কার্যক্রমে প্রতিটি তালিকাভুক্ত পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে উন্নত মানের চাল প্রদান করা হয়।

খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিরুপমা রায়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিরুপমা রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের কোনো দরিদ্র মানুষ যেন খাদ্যকষ্টে না ভোগে, সে লক্ষ্যেই এই ভিজিএফ কার্যক্রম। আমরা প্রতিটি ইউনিয়নে প্রকৃত সুফলভোগীদের তালিকা কঠোরভাবে যাচাই-বাছাই করেছি, যাতে কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে। সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই চাল বিতরণ করা হচ্ছে। সরকারি এই সহায়তা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছায়, সে ব্যাপারে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।
সভাপতির বক্তব্যে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ইকবাল হোসেন বলেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদ সবসময় সাধারণ মানুষের পাশে আছে। আজ অত্যন্ত সুশৃঙ্খলভাবে ১৩১৫টি পরিবারের হাতে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হলো। এই উৎসবের মুহূর্তে সরকারের এই উপহার আমাদের এলাকার দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটাবে।
আয়োজিত কার্যক্রমের তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী হর্টিকালচারাল সেন্টারের উপসহকারী উদ্যান কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম।

এছাড়াও খানখানাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম রেজাউল কবির, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: সাইদুর রহমান মোস্তাক, বাশিরুল ইসলাম শাহিন, ইলিয়াস পাটোয়ারি, নজরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্য সাবিনা বেগম, কোহিনুর বেগম ও বদরুন্নেছা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকেই ইউনিয়ন পরিষদে ভিড় জমান কার্ডধারী সাধারণ মানুষ। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুনির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করেন তারা। সঠিক ওজনের চাল পেয়ে এবং প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা।
নিজস্ব প্রতিবেদক : 










