রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৭১০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪শে মে) সকাল সাড়ে ১০টায় বসন্তপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশে এ বিতরণ কার্যক্রম শুরু হয়।
বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন সরদার আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
আসন্ন ঈদ উপলক্ষে ইউনিয়নের ১৭১০টি তালিকাভুক্ত হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে উন্নত মানের চাল প্রদান করা হয়।
উদ্বোধনকালে চেয়ারম্যান মো. জাকির হোসেন সরদার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এই ঈদ উপহার আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত অভাবী মানুষের হাতে তুলে দিচ্ছি। ইউনিয়নের কোনো দুস্থ পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা প্রতিটি ওয়ার্ডে সুশৃঙ্খলভাবে এই চাল বিতরণ নিশ্চিত করেছি।”
এসময় ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন রাজবাড়ী সদর উপজেলার ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মো. কামাল উদ্দিন আহম্মেদ।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বসন্তপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মেহেদী মাসুদ, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: কামাল মিয়া, সাবেক সদস্য মো: সাজেদুল বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম মুকুল, ইউপি সদস্য মো. শাহবুদ্দিন মিয়া সেলিম, মো. উজ্জ্বল সরদার, সংরক্ষিত মহিলা সদস্য নারগিস আক্তার নীলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মেহেদী মাসুদ বলেন, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পবিত্র ঈদের আগ মুহূর্তে সরকারি এই উপহার পেয়ে সুবিধাভোগী প্রতিটি মানুষের মুখে যে চওড়া হাসি ফুটে উঠেছে—এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।”
চাল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে সুবিধাভোগীরা বলেন, “ঈদের ঠিক আগ মুহূর্তে ১০ কেজি করে চাল পেয়ে আমাদের অনেক উপকার হলো। আমরা কোনো ঝামেলা ছাড়াই লাইন ধরে কার্ড দেখিয়ে চাল নিতে পেরেছি। চালের মানও অনেক ভালো। ঈদের সময় এই সাহায্য পাওয়ায় আমরা সবাই খুব খুশি।”
সাইফুল আলম মিরাজ: 










