রাজবাড়ীতে অর্থাভাবে নষ্ট হওয়া পাট জমি থেকে পরিষ্কার করতে না পেরে চরম বিপাকে পড়া এক দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছে আনসার ও ভিডিপি সদস্যরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বারেকগ্রাম বিল এলাকায় এ স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হয়।
জানা গেছে, বানিবহ ইউনিয়নের বারেকগ্রামের বাসিন্দা মো. জিলাল মন্ডলের ছেলে মো. রেজাউল মন্ডল একজন দরিদ্র কৃষক। সাম্প্রতিক সময়ে শ্রমিকের চড়া দাম এবং অর্থাভাবের কারণে তিনি সময়মতো মাঠের পাট কাটতে পারেননি। ফলে দীর্ঘদিন পানিতে আটকে থেকে এবং রোদে পুড়ে তাঁর প্রায় ১ বিঘা জমির পাট শুকিয়ে নষ্ট হয়ে যায়।
সামনে এই জমিতে পেঁয়াজ চাষের মৌসুম হলেও নষ্ট পাট জমি থেকে পরিষ্কার করার মতো আর্থিক সামর্থ্য ছিল না কৃষক রেজাউলের। বিষয়টি জানতে পেরে রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সম্পূর্ণ বিনামূল্যে ওই কৃষকের জমি পরিষ্কারের উদ্যোগ নেয়।

রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মো. জুয়েল রানার নির্দেশনায় সদর উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক শাহরিয়ার আহম্মেদ এবং রাজবাড়ী পৌর ৫ নম্বর ওয়ার্ডের দলনেতা মো. কাদের রেজার নেতৃত্বে ১৫ জন সদস্য সকাল ৮টা থেকে এই কার্যক্রমে অংশ নেন। সদস্যরা সরাসরি বিলের পানিতে নেমে কাঁচি হাতে নষ্ট পাট কেটে কৃষককে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
উপকৃত কৃষক মো. রেজাউল মন্ডল বলেন, নষ্ট পাট জমি থেকে পরিষ্কার করার মতো শ্রমিকের খরচও আমার ছিল না, অথচ সামনে এই জমিতে পেঁয়াজ চাষ করতে হবে। আনসার-ভিডিপির ভাইয়েরা বিনামূল্যে এই জমি পরিষ্কার করে দেওয়ায় আমার অনেক বড় উপকার হলো।
এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার আনসার-ভিডিপি প্রশিক্ষক শাহরিয়ার আহম্মেদ জানান, সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে ও মানবিক কাজে আনসার-ভিডিপি সর্বদা প্রস্তুত। এক নিঃস্ব কৃষকের ভোগান্তির কথা চিন্তা করে জেলা কমান্ড্যান্ট মহোদয়ের দিকনির্দেশনায় সদস্যরা স্বেচ্ছাশ্রমে এই সহায়তা করেছেন। আগামীতেও জনকল্যাণমূলক কাজে আনসার-ভিডিপি রাজবাড়ীবাসীর পাশে থাকবে।
আনসার ও ভিডিপির এই মানবিক উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক রেজাউল মন্ডল সহ স্থানীয় কৃষকরা।
সাইফুল আলম মিরাজ: 









