“আমি শহীদওহাবপুর ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করার ইচ্ছা পোষণ করছি। তবে যদি মনে করেন এই ইউনিয়নে আমার চেয়েও যোগ্য, সৎ এবং উপযুক্ত ব্যক্তি আছেন, তবে আমাকে ভোট না দিয়ে তাকেই দিন—যিনি ইউনিয়নের সত্যিকারের উন্নয়ন করতে পারবেন। আর যদি মনে করেন আমার দ্বারা সমাজের উন্নয়ন ও কল্যাণ সম্ভব, তবে আপনাদের আমানত রূপ মূল্যবান ভোট, দোয়া ও সহযোগিতা চাই।” — আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম এমনটাই বলেছেন।
শনিবার (১২ই সেপ্টেম্বর) দুপুরে আলহাজ্ব নিজামউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সামাজিক সংগঠন সমমনা ফাউন্ডেশনের উদ্যোগে শহীদওহাবপুর ইউনিয়নের ১০২ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন সমাজসেবক আব্দুল কাইয়ুম।

বক্তব্যে সমাজ সংস্কার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ বিনির্মাণ করতে চাই, যেখানে মানুষ বিপদে পড়লে শালিসের নামে টাকা খাওয়া অসাধু মানুষের কাছে যাবে না; বরং ন্যায়বিচার ও সঠিক পরামর্শের জন্য স্কুলের শিক্ষক এবং মসজিদের ইমামদের কাছে যাবে। কোনো শিক্ষক বা ইমাম সাহেব টাকা খেয়ে বিচার করবেন না, মানুষকে মামলা-মকদ্দমায় জড়িয়ে হয়রানি করবেন না।”
মাদকমুক্ত সমাজের অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হবে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা এবং জুয়াসহ সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ড নির্মূল করা। ভালো মানুষ রাজনীতি ও নেতৃত্বে না আসলে সেই শূন্য জায়গা অসাধু মানুষ দিয়েই পূর্ণ হয়ে যাবে।”
শহীদওহাবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার বায়তুলমাল সম্পাদক মো. ফেরদৌসুর রহমান। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
শহীদওহাপুর ইউনিয়ন জামায়াত ইসলাম সাধারণ সম্পাদক মো: আব্বাস আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, নিজামউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, জামায়াত নেতা মাওলানা মোবারক আলী, সদর উপজেলা ইমাম কমিটির সভাপতি মাও. রফিকুল ইসলাম, যুবদলের সাবেক আহ্বায়ক রশিদুল ইসলাম, ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাহবুব এলাহী, শিক্ষাবিদ মাও. আব্দুল করিম সহ প্রমুখ।
শহীদওহাবপুর ইউনিয়নের সার্বিক কল্যাণ, ইনসাফ প্রতিষ্ঠা এবং মাদকমুক্ত নতুন সমাজ গড়ার এমন মানবিক অঙ্গীকার স্থানীয় সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া ও আগ্রহের সৃষ্টি করেছে।
নিজস্ব সংবাদ : 









