রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০৮৩টি অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫শে মে) সকাল থেকে আলীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। মানবিক সহায়তার এই কর্মসূচির আওতায় প্রতিটি তালিকাভুক্ত কার্ডধারী পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে উন্নত মানের চাল প্রদান করা হয়।
আলীপুর ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আম্বিয়া বেগম শিল্পী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া বেগম শিল্পী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মূল লক্ষ্যই হচ্ছে দেশের কোনো মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আলীপুর ইউনিয়নে অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ তালিকার মাধ্যমে প্রকৃত সুফলভোগী ১০৮৩টি পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে। চালের গুণগত মান এবং সঠিক ওজন নিশ্চিত করতে প্রশাসন কঠোর নজরদারি রাখছে।
বিতরণ কার্যক্রমের সার্বিক তদারকি ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আলীপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো: শোয়েবুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি ওয়ার্ডের প্রকৃত দুস্থ ও কর্মহীন মানুষের তালিকা তৈরি করেছি। আজ আমাদের পরিষদের আওতায়ধীন ১০৮৩টি পরিবারের মাঝে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই চাল বিতরণ সম্পন্ন হয়েছে। জনগণের সঠিক সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
চাল বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাশারুজ্জামান বাদশা।
এছাড়াও অনুষ্ঠানে আলীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: আইয়ুব খান, ইউপি সদস্য মো: আব্দুল আলীম, মো: আব্দুর রহিম সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিড় জমাতে শুরু করেন কার্ডধারী সাধারণ মানুষ। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুনির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে প্রত্যেকে নিজ নিজ ওজনের চাল সংগ্রহ করেন। বর্তমান বাজারে চালের ঊর্ধ্বগতির সময়ে উৎসবের আগে এই সরকারি উপহার পেয়ে দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
সাইফুল আলম মিরাজ: 










