বৃক্ষরোপণে সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার ৫টি উপজেলায় মোট ৪০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
শনিবার (২৬ শে সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী বিসিক শিল্পনগরী সংলগ্ন আনসার ও ভিডিপির ফায়ারিং মাঠে এক আনন্দঘন ও বর্ণাঢ্য র্যালি শেষে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালিটি আনসার ও ভিডিপি জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ারিং মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ জুয়েল রানা। উদ্বোধনী দিনের কর্মসূচিতে ফায়ারিং মাঠ ও আনসার ক্যাম্প প্রাঙ্গণে ৮০টি বিভিন্ন প্রজাতির ভেষজ (ঔষধি), বনজ ও ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট বলেন, “জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কেন্দ্রীয় নির্দেশনায় ও জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আনসার ও ভিডিপি এ উদ্যোগ বাস্তবায়ন করছে। আমাদের বাহিনীর প্রতিটি সদস্য মাঠপর্যায়ে চারা রোপণের পাশাপাশি তার পরিচর্যা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা প্রশিক্ষক মোঃ শাহারিয়ার আহমেদ, মহিলা প্রশিক্ষিকা রুপা বিশ্বাস, ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার সদস্য এবং অঙ্গীভূত আনসার ও ভিডিপির বিপুল সংখ্যক সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পর্যায়ক্রমে জেলার সদর, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ—এই ৫টি উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়, ক্লাব-সমিতি প্রাঙ্গণ এবং উপযুক্ত মুক্ত স্থানে বাকি ৩২০টি চারা রোপণ করা হবে। রোপিত চারাগুলোর সুরক্ষা ও লালন-পালনের জন্য স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 









