ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উদ্দীপনা এবং ভক্তদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গোৎসবে মহাঅষ্টমী উদযাপিত হয়েছে।
সোমবার(১৯শে অক্টোবর) সকালে ঐতিহ্যবাহী পাট বাজারস্থ মণ্ডপে দেবীর মহাঅষ্টমী বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গা পূজা কমিটির পঞ্জিকা ও শুভ আগমনী নিমন্ত্রণপত্র সূত্রে জানা যায়, গত ২৮শে আশ্বিন ১৪ ৩৩ বঙ্গাব্দ, শুক্রবার ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হওয়া এই শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা ঘটে। এরই ধারাবাহিকতায় সোমবার মহাঅষ্টমীর সকালে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দিতে রাজবাড়ী পৌর শহরসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত পুণ্যার্থী ও ভক্তরা পাট বাজার মণ্ডপে সমবেত হন। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বোলে মুখরিত হয়ে ওঠে সম্পূর্ণ মণ্ডপ প্রাঙ্গণ। অঞ্জলি প্রদান শেষে সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সময় পূজা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সন্তোষ কুমার দত্ত, গোরাঙ্গ কর্মকার, রনজিৎ সরকার (টিটু), চঞ্চল কুমার দেসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পূজা পরিচালনা কমিটির কর্মকর্তা ও সর্বস্তরের পুণ্যার্থীরা উপস্থিত থেকে মহাঅষ্টমীর ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।
এসময় কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি মিঠু দত্ত, সহ-সাধারণ সম্পাদক সুজিত কর্মকার, সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ মৈত্র, কোষাধ্যক্ষ অশোক হালদার, দপ্তর বিহীন সম্পাদক সরজিত শীল, ধর্ম বিষয়ক সম্পাদক স্বপন মজুমদার, প্রচার সম্পাদক প্রদীপ কুমার কুন্ডু সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও শত শত ভক্তজন উপস্থিতি থেকে ধর্মীয় এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেন।

আয়োজন প্রসঙ্গে রাজবাড়ী বাজার সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি উত্তম দত্ত (ভজা) বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের আবহমান বাংলার সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও পাট বাজার সার্বজনীন দুর্গা পূজা কমিটির উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও নিয়মানুগভাবে মায়ের পূজার আয়োজন করা হয়েছে। আজ মহাঅষ্টমীর পবিত্র সকালে শত শত ভক্তের সুশৃঙ্খল উপস্থিতি এবং আনন্দমুখর পরিবেশে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ সম্পন্ন হয়েছে।

কমিটির সাধারণ সম্পাদক শাওন সরকার (গোবিন্দ) বলেন, আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য সনাতন ধর্মাবলম্বীসহ সমাজের প্রতিটি মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়া এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা। সকাল থেকেই মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের যে মিলনমেলা তৈরি হয়েছে, তা সত্যিই অভিভূত করার মতো। পূজা পার্বণ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য আমাদের কমিটির স্বেচ্ছাসেবকরা সর্বক্ষণ নিরলস দায়িত্ব পালন করছেন। দেবী দুর্গার কৃপায় সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসুক।
পূজা মণ্ডপে অঞ্জলি দিতে আসা পুণ্যার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, রাজবাড়ী বাজারের পাট বাজারের এই পূজামণ্ডপটি বরাবরই অত্যন্ত আকর্ষণীয় ও সুশৃঙ্খল হয়। অষ্টমীর শুভ সকালে মায়ের চরণে ফুল দিয়ে অঞ্জলি অর্পণ করতে পেরে খুব ভালো লাগছে। অঞ্জলি শেষে প্রসাদ পেয়ে মন শান্তিতে ভরে গেছে। এখানকার ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ সত্যিই চমৎকার।
নিজস্ব সংবাদ : 









