পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে ২০৪১টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪শে মে) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: জনি খান।
এসময় ইউনিয়নের তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে উন্নত মানের চাল প্রদান করা হয়।
উদ্বোধনকালে এক বক্তব্যে ইউপি প্রশাসক মো: জনি খান বলেন,
“পবিত্র ঈদুল আজহা যেন সবাই আনন্দের সাথে উদযাপন করতে পারে, সেজন্যই সরকারের এই বিশেষ ঈদ উপহার। আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি সুবিধাভোগীর চালের সঠিক ওজন ও গুণগত মান নিশ্চিত করেছি। অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত অভাবী মানুষের হাতে এই চাল তুলে দেওয়া হচ্ছে যাতে ইউনিয়নের কোনো দুস্থ পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সকলের সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

চাল বিতরণকালে মিজানপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সাত্তার মোল্যা, প্যানেল চেয়ারম্যান মো: প্লাবন আলী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: জাকির হোসেন, ইউপি সদস্য মো: আকবর হোসেন, মো: শাহজাহান প্রামানিক, মো: সুজন আলী খান এবং মহিলা দলের নেত্রী পপি আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদের ঠিক আগ মুহূর্তে কোনো রকম ঝামেলা ছাড়াই সুশৃঙ্খলভাবে ১০ কেজি করে উন্নত মানের চাল হাতে পেয়ে সুবিধাভোগী অসহায় মানুষগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়। তারা সরকারের এই মানবিক সহায়তার প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
সাইফুল আলম মিরাজ: 










