রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (০৭ জুলাই ) সকাল ১১টায় রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যাপক জনাব আব্দুস সালাম মন্ডল।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬, বাংলা নববর্ষ ১৪৩৩ এবং কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাংকন, বই পাঠ, কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ও সভাপতিসহ উপস্থিত অতিথিবৃন্দ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে প্রশংসাপত্র (সনদ) ও মূল্যবান বই তুলে দেন। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তে তাদের অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুস সালাম মন্ডল বলেন, লাইব্রেরির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের ওপর বিশেষ জোর দেন।
তিনি রাজবাড়ী জেলা সরকারি গণগ্রন্থাগারের সার্বিক মানোন্নয়ন, সেবার পরিধি বৃদ্ধি ও আধুনিকায়ন করার লক্ষ্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সদয় দৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সভাপতির বক্তব্যে লাইব্রেরিয়ান মোহাম্মদ অহিদুজ্জামান শিক্ষার্থীদের নিয়মিত গ্রন্থাগারে এসে বই পড়ার এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক: 









