পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশায় রাজবাড়ীর বালিয়াকান্দি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদারের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ওসি মোঃ আব্দুর রব তালুকদার উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পুলিশ ও সাংবাদিক—উভয়ের লক্ষ্যই এক; একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা। এ লক্ষ্যে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও তথ্যের আদান-প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকরা অনেক সময় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। এ ক্ষেত্রে পুলিশের ইতিবাচক সহযোগিতা থাকলে সঠিক ও সত্য তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছানো সম্ভব হবে।
একই সঙ্গে তিনি দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ কিংবা তদন্তাধীন বিষয়ে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। তবে অপরাধ বা অনিয়মের ঘটনায় পুলিশের স্বচ্ছতা ও সময়োপযোগী ব্রিফিং অত্যন্ত জরুরি। পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে একটি পেশাদার, সুস্থ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণও উপকৃত হবে।
সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিয়ার রহমান আতিক এবং বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, নীরব চাঁদাবাজি, সড়কে যানবাহনের লাইট ব্যবহারে শৃঙ্খলা, অবৈধ নসিমন ও করিমন যান চলাচল বন্ধসহ নানা বিষয়ে অভিযোগ ও প্রস্তাব উপস্থাপন করা হয়।
এ সময় ওসি মোঃ আব্দুর রব তালুকদার উত্থাপিত সব বিষয় মনোযোগসহকারে শোনেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম খান, সেকেন্ড অফিসার এসআই আল-আমিনসহ বালিয়াকান্দি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা: 










