রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১শে মে) দুপুরে মুলঘর ইউনিয়ন পরিষদের প্রশাসকের কক্ষে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে এ উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা সমবায় অফিসার ও মূলঘর ইউনিয়ন পরিষদের প্রশাসক অসীম কুমার নাগ-এর সভাপতিত্বে সভায় উন্মুক্ত খসড়া বাজেট বিবরণী পাঠ করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সিরাজুর রহমান।
বাজেট সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে মূলঘর ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ২৬ লক্ষ ৮৮ হাজার ৭২০ টাকা এবং উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৩৮ হাজার ৭২০ টাকা। ফলে উন্নয়ন খাতে উদ্বৃত্ত থাকবে ১ লক্ষ ৮০ হাজার ৫২০ টাকা।
অন্যদিকে, রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৩৬ লক্ষ ৬৬ হাজার ২৭০ টাকা এবং রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩০ লক্ষ ৪৯ হাজার ১৯০ টাকা। এই খাতে উদ্বৃত্ত থাকবে ৬ লক্ষ ১৭ হাজার ৮০ টাকা।
বাজেট সভায় বিশেষ অতিথি হিসেবে মূলঘর ইউনিয়নের ট্যাগ অফিসার ও রাজবাড়ী সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল, ইউনিয়ন পরিষদের সদস্য কাজী ফরিদ উদ্দিন, আব্দুল হান্নান মন্ডল, ফজলুল রহমান, মো: আমির হোসেন, আসাদুজ্জামানসহ অন্যান্য সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা নতুন বাজেটের সঠিক বাস্তবায়ন ও ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সাইফুল আলম মিরাজ: 










