“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” এবং “মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্মপরিবেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা মে) সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং ফরিদপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মে দিবস উপলক্ষ্যে একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “শ্রমিক ও মালিকের সুসম্পর্কই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। আমাদের লক্ষ্য কেবল কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা নয়, বরং শ্রমিকের মানসিক ও সামাজিক স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে একটি মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ গড়ে তোলা।”

ফরিদপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক নুসরাত জাহান লিজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ শারমিন জাহান এবং ফরিদপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সৌমেন বড়ুয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) মোহাম্মদ মনজুরুল হক।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহজাহান মোল্লা সান্টু, বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন, হকার্স দলের সভাপতি আব্দুস সাত্তার বিশ্বাস, রাজবাড়ী হোটেল এন্ড রেস্টুরেন্টে শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম এবং সদর উপজেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান কচি।

এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশিকউন নবী তালুকদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ নূরুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ আরিফুল হক, শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ আমিরুল ইসলাম, শ্রম পরিদর্শক (সেফটি) মোঃ ইসমাইল, শ্রম পরিদর্শক আনিছুর রহমান, শ্রম পরিদর্শক আকরাম চৌধুরী, শ্রম পরিদর্শক সজিব দে এবং জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দিবসটির কর্মসূচিতে অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক: 









